আন্তর্জাতিক ডেস্ক:
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে অনুমতি পাওয়ার পরও তিনি নিজ ইচ্ছায় ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মঙ্গলবার (২৩ জুন) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা গত ১৪ জুন পাসপোর্টে সার্ক ভিসা নিয়ে ভারতে এসেছিলেন। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর সিনিয়র কর্মকর্তাদের কমিটির ২৮তম বৈঠকে অংশ নেওয়াই ছিল তার সফরের উদ্দেশ্য।
তিনি বলেন, দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তারা জাহেদ উর রহমানকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরে তার সফরের উদ্দেশ্য নিশ্চিত হওয়ার পর তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘তিনি ওই বহুপক্ষীয় বৈঠকে যোগ দিতে এসেছেন—এ বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তবে এরপরও তিনি নিজ ইচ্ছায় ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।’
এর আগে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, ১৪ জুন নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জাহেদ উর রহমানকে কিছু সময়ের জন্য আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। নিরাপত্তা-সংক্রান্ত একটি তালিকায় তার নাম থাকার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল বলে দাবি করা হয়েছিল।
এ ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়েছিল বলেও জানা যায়। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরের উদ্দেশ্য নিশ্চিত হওয়ার পর তার প্রবেশে কোনো বাধা ছিল না।
