প্রবাসীদের জন্য নতুন হিসাব সুবিধা চালু করলো বাংলাদেশ ব্যাংক

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগের সুযোগ বাড়ানো এবং বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ আরও শক্তিশালী করতে নতুন হিসাব সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে প্রবাসীরা দেশের ব্যাংকগুলোতে ‘অনিবাসী বিনিময়যোগ্য টাকা হিসাব’ খুলতে পারবেন।

মঙ্গলবার (২৩ জুন) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে, অফশোর ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ, রেমিট্যান্স ব্যবস্থাপনা সহজ করা এবং প্রবাসীদের সঙ্গে দেশের বিনিয়োগ খাতের সম্পর্ক আরও দৃঢ় করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

নতুন নিয়ম অনুযায়ী, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো বৈদেশিক মুদ্রার বিপরীতে অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে এ হিসাব খোলা যাবে। প্রবাসীরা চাইলে এটি সঞ্চয়ী, চলতি বা স্থায়ী আমানত হিসাব হিসেবে পরিচালনা করতে পারবেন।

এই হিসাবে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স, অন্য অনিবাসী হিসাব থেকে স্থানান্তরিত অর্থ, সুদ বা মুনাফা, অনুমোদিত বিনিয়োগের আয়, শেয়ার সাবস্ক্রিপশনের ফেরত অর্থসহ বৈদেশিক মুদ্রা-সম্পর্কিত বিভিন্ন তহবিল জমা রাখা যাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ হিসাবে থাকা মূল অর্থ এবং অর্জিত সুদ বা মুনাফা সম্পূর্ণভাবে প্রত্যাবাসনযোগ্য। অর্থাৎ প্রবাসীরা প্রয়োজন অনুযায়ী এসব অর্থ আবার বিদেশে পাঠাতে পারবেন।

এ ছাড়া হিসাবের অর্থ দিয়ে দেশে স্থানীয় পরিশোধ, অন্য অনিবাসী হিসাবের মধ্যে অর্থ স্থানান্তর, বৈদেশিক মুদ্রায় রূপান্তর এবং দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা পোর্টফোলিও বিনিয়োগ করা যাবে।

নতুন ব্যবস্থায় প্রবাসীদের জমাকৃত অর্থ ব্যবহার করে ইপিজেড ও বেজার মতো বিশেষায়িত অঞ্চলের ‘টাইপ-এ’ শিল্পপ্রতিষ্ঠানগুলোকে ঋণ দেওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে এই ঋণ শুধুমাত্র বেতন, মজুরি ও ইউটিলিটি বিলের মতো অনুমোদিত চলতি ব্যয়ে ব্যবহার করা যাবে এবং রপ্তানি আয় থেকে তা পরিশোধ করতে হবে।

এছাড়া হিসাবের বিপরীতে জামানত রেখে প্রবাসী বা তাদের মনোনীত ব্যক্তি ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রয়োজনে ঋণ নিতে পারবেন। তবে কৃষি, বাগান ও আবাসন খাতে এ অর্থ বিনিয়োগ করা যাবে না।

ব্যাংকিং খাতের সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই উদ্যোগের ফলে রেমিট্যান্স ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং প্রবাসীদের দেশের অর্থনীতি ও বিনিয়োগে অংশগ্রহণের সুযোগ বাড়বে।