দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ান থেকে দেশটির রাজধানী বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের কর্মসূচিতে অংশ নেওয়ার পর স্থানীয় সময় বুধবার (২৪ জুন) দুপুর ১টা ৫৬ মিনিটে বুলেট ট্রেনে করে দালিয়ান ত্যাগ করেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী জুবাইদা রহমান

এর আগে কঠোর নিরাপত্তার মধ্যে দালিয়ানের শাংগ্রিলা হোটেল থেকে জিপে করে রেলওয়ে স্টেশনে পৌঁছান প্রধানমন্ত্রী।

বুধবার সকালে দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-এর বার্ষিক সম্মেলনের প্ল্যানারি সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে শুরু হওয়া এই অধিবেশনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী উপস্থিত বিশ্বনেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

এবারের প্ল্যানারি সেশনের প্রতিপাদ্য ছিল ‘ইনোভেটিং অ্যাট স্কেল’—অর্থাৎ বৃহৎ পরিসরে উদ্ভাবন। অধিবেশনের সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলোইস জভিংগি

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে অংশগ্রহণ। এর আগে মঙ্গলবার দালিয়ানে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি।

সফরের পরবর্তী ধাপে বেইজিংয়ে চীনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফর ঘিরে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।