বিশ্বকাপের মধ্যেই টাইব্রেকারে পরিবর্তন আনতে চায় ফিফা

হতে পারে একটি টস !

বুধবার, জুন ২৪, ২০২৬

ক্রীড়া ডেস্ক:

বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হবে আগামী ২৮ জুন। এর আগেই টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টুর্নামেন্ট চলাকালীনই নতুন নিয়ম কার্যকর করা যায় কি না, তা নিয়ে আলোচনা চলছে। বর্তমান নিয়ম অনুযায়ী, ম্যাচ টাই হলে পেনাল্টি শুটআউটের আগে দুটি কয়েন টস করা হয়। প্রথম টসে নির্ধারণ করা হয় কোন দল আগে শট নেবে। আর দ্বিতীয় টসে ঠিক হয়, মাঠের কোন প্রান্তে টাইব্রেকার অনুষ্ঠিত হবে।

ফিফার প্রস্তাবিত নতুন নিয়মে দুটি টসের পরিবর্তে থাকবে একটি টস। টসে জয়ী দল দুটি সুবিধার মধ্যে একটি বেছে নিতে পারবে—হয় তারা আগে পেনাল্টি শট নেবে, অথবা নিজেদের সমর্থকদের গ্যালারির সামনে থেকে টাইব্রেকারে অংশ নেবে। বাকি সুবিধাটি পাবে টসে হারা দল। ফিফার এই পরিবর্তনের মূল কারণ, বর্তমান নিয়মে একটি দল দুই টসেই হেরে যেতে পারে। এতে তারা আগে শট নেওয়ার সুযোগ এবং নিজেদের সমর্থকদের সামনে খেলার সুবিধা—দুটিই হারাতে পারে।

সম্প্রতি উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এমন পরিস্থিতির মুখে পড়েছিল আর্সেনালপ্যারিস সাঁ জার্মাঁ-এর বিপক্ষে দুই টসেই হেরে যায় তারা এবং পরে টাইব্রেকারেও পরাজিত হয়। টাইব্রেকারে আগে শট নেওয়ার সুবিধা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, প্রথম শট নেওয়া দল তুলনামূলক বেশি সফল হয়। পাশাপাশি নিজেদের সমর্থকদের সামনে খেলার মানসিক সুবিধাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তবে আগে শট নেওয়া বা মাঠের প্রান্ত বেছে নেওয়া সব সময় জয়ের নিশ্চয়তা দেয় না। ২০২২ ফিফা বিশ্বকাপ ফাইনাল-এ ফ্রান্স এই সুবিধা পেয়েও শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে যায়। ফিফা বিষয়টি নিয়ে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড-এর সঙ্গে আলোচনা করছে। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।