পাহাড়ি ঢলে পানির নিচে সাদাপাথর

নিরাপত্তার কারণে পর্যটনকেন্দ্র বন্ধ

রবিবার, জুন ২১, ২০২৬

নিজ সংবাদ:

অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। রোববার (২১ জুন) বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত থেকে কোম্পানীগঞ্জ এলাকায় টানা বৃষ্টিপাত হচ্ছে। পাশাপাশি ভারতের মেঘালয় অঞ্চলে ভারী বৃষ্টির কারণে সীমান্তবর্তী নদীগুলোতে পাহাড়ি ঢল নেমেছে। এতে সাদাপাথর পর্যটন এলাকার বড় একটি অংশ পানিতে তলিয়ে গেছে।

পাহাড়ি ঢলের পানিতে পর্যটনকেন্দ্রের ভাসমান দোকানপাটও ডুবে গেছে। এতে ব্যবসায়ীদের লকার, চেয়ার, প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক কিছু স্রোতে ভেসে গেছে। স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে প্রায় প্রতিবছরই পাহাড়ি ঢলের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে রোববার সকাল থেকে খেয়াঘাট থেকে সাদাপাথরের উদ্দেশে নৌকা চলাচল বন্ধ রাখা হয়েছে। সর্বশেষ শনিবার পর্যন্ত পর্যটকেরা সেখানে ভ্রমণ করেছেন।

ইউএনও মোহাম্মদ রবিন মিয়া জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সাদাপাথরে না যাওয়ার অনুরোধ করা হয়েছে। পানির স্রোত কমে গেলে ও আবহাওয়া অনুকূলে এলে পর্যটনকেন্দ্র পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।