‘ব্রেকিং ব্যাড’ অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতোর ইসলাম গ্রহণ

রবিবার, জুন ২১, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

হলিউডের জনপ্রিয় অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম গ্রহণ করেছেন বলে জানিয়েছেন সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ। সৌদি আরবে অবস্থানকালে তিনি ইসলাম গ্রহণ করেন বলে দাবি করা হয়েছে।

সৌদি গেজেটের এক প্রতিবেদনের বরাতে জানা যায়, তুর্কি আল-শেখ জানিয়েছেন, এসপোসিতো ইসলাম ধর্মের বিশ্বাসের ঘোষণা ‘শাহাদাহ’ পাঠ করেছেন। এরপর তিনি একটি মসজিদে প্রযোজনা দলের সদস্যদের সঙ্গে নামাজেও অংশ নেন।

বিশ্বজুড়ে পরিচিত এই অভিনেতা টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ গাস ফ্রিং চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। এছাড়া ‘বেটার কল সাউল’ এবং ‘দ্য ম্যান্ডালোরিয়ান’-এর মতো আলোচিত প্রযোজনায় তার অভিনয় দর্শকদের প্রশংসা পেয়েছে। গাস ফ্রিং চরিত্রের জন্য তিনি একাধিক পুরস্কারের মনোনয়নও অর্জন করেন। তুর্কি আল-শেখের ভাষ্য অনুযায়ী, সৌদিতে কাজ করার সময় স্থানীয় মুসলিমদের সঙ্গে পরিচয় এবং দেশটির পরিবেশ ও আতিথেয়তা এসপোসিতোর ওপর প্রভাব ফেলে। এরপর তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি মসজিদের ভেতরে প্রযোজনা দলের সদস্যদের সঙ্গে নামাজে অংশ নিচ্ছেন এসপোসিতো। বর্তমানে সৌদি আরব আন্তর্জাতিক চলচ্চিত্র ও বিনোদন খাত সম্প্রসারণে কাজ করছে। দেশটিতে নির্মিত ‘সেভেন ডগস’ বড় প্রযোজনাগুলোর একটি, যেখানে আন্তর্জাতিক শিল্পীদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।