নিজ সংবাদ:
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কোনো ধরনের কর্মসূচি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (২১ জুন) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-২ এর অধিনায়ক নায়মুল হাসান এ সতর্কবার্তা দেন। তিনি বলেন, ২৩ জুনকে ঘিরে কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করে, তাহলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
র্যাব কর্মকর্তা জানান, বিষয়টি নিয়ে দেশের সব র্যাব স্টেশনে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। কেউ অস্ত্রসহ বা অন্য কোনো উপায়ে নিরাপত্তা ঝুঁকি তৈরি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার আশঙ্কায় দেশজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোপন মিছিল বা অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।
