জামায়াত এমপির শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবিকৃত বক্তব্য এক্সপাঞ্জ

ভুল স্বীকার এমপি মুনতাকিমের

রবিবার, জুন ২১, ২০২৬

নিজ সংবাদ:

জাতীয় সংসদে নিজেকে ‘শহীদ মুক্তিযোদ্ধার সন্তান’ দাবি করে দেওয়া বক্তব্যটি কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) করা হয়েছে। পাশাপাশি বক্তব্যটি ভুল ছিল বলে স্বীকার করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আবদুল মুনতাকিম।

রোববার (২১ জুন) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ তথ্য জানান। তিনি বলেন, আবদুল মুনতাকিম স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে জানিয়েছেন, বক্তব্যটি অনিচ্ছাকৃতভাবে মুখ ফসকে বের হয়েছিল। তিনি তার বাবা জীবিত আছেন বলেও স্বীকার করেছেন।

এর আগে গত ১৪ জুন বাজেট আলোচনায় অংশ নিয়ে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আবদুল মুনতাকিম দাবি করেছিলেন, তার বাবা ও দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। তবে নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী তার জন্ম ১৯৮১ সালে, অর্থাৎ মুক্তিযুদ্ধের ১০ বছর পর। এছাড়া তার বাবা জীবিত আছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

রোববার সংসদে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপন করেন কিশোরগঞ্জ-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মো. জালাল উদ্দীন। তিনি ওই বক্তব্য সংসদের রেকর্ড থেকে বাদ দেওয়ার দাবি জানান।

পরে স্পিকার জানান, বিষয়টি পর্যালোচনা করে বক্তব্যটি ‘স্লিপ অব টাং’ বা অনিচ্ছাকৃত ভুল হিসেবে বিবেচনা করা হয়েছে এবং সংসদের কার্যবিবরণী থেকে তা এক্সপাঞ্জ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।