নব্য ফ্যাসিবাদ বিদায়ে আরেক বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: শফিকুর রহমান

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, নব্য ফ্যাসিবাদকে বিদায় জানাতে প্রয়োজনে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত হতে হবে। তবে এই বিপ্লব কোনো দল, গোষ্ঠী বা পরিবারের ক্ষমতায় যাওয়ার জন্য নয়; বরং স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য হবে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (২০ জুন) বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত ও দলীয় প্রভাবমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে যুবসমাজকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

শফিকুর রহমান বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদ বিদায় হয়েছে। এখন নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি দাবি করেন, সংসদে কথা বলার সুযোগ না থাকলে দেশের মাঠে-ময়দানে গণজাগরণ সৃষ্টি হবে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি জনগণের সঙ্গে দেওয়া কথা রাখেনি। জনরায়কে সম্মান করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভুল সংশোধন করে জনগণের কাতারে আসা উচিত।

তিনি আরও বলেন, জামায়াত দেশে বিশৃঙ্খলা চায় না এবং দেশকে ভালোবাসে। তবে অন্যায়ের কাছে মাথা নত করবে না বলেও মন্তব্য করেন তিনি। সমাবেশে এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।