ক্রীড়া ডেস্ক:
মরক্কোর পর এবার হাইতির বিপক্ষেও গোল করে ব্রাজিলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ভিনিসিয়ুস জুনিয়র। শুধু গোলই নয়, সতীর্থদের দিয়েও গোল করিয়েছেন এই তারকা ফরোয়ার্ড। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।
ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করেন ভিনিসিয়ুস। মাঝমাঠ থেকে লুকাস পাকেতার নিখুঁত পাস পেয়ে হাইতির রক্ষণভাগের ফাঁদ ভেঙে ঠান্ডা মাথায় বল জালে পাঠান তিনি।
তবে মাঠের বাইরের জীবনযাপন নিয়ে ভিনিসিয়ুসের পছন্দ একেবারেই সাধারণ। ম্যাচসেরার পুরস্কার প্রসঙ্গে তিনি মজা করে বলেন, তিনি বিয়ার পান করেন না, বরং ভাত-মাংসই তার সবচেয়ে পছন্দের খাবার। ভিনিসিয়ুস বলেন, “আমি বিয়ার পান করি না, তাই এটি আমার জন্য একটু কঠিন। তবে বন্ধুদের সঙ্গে আমরা ভাত, বিনস, ফ্রেঞ্চ ফ্রাইয়ের সঙ্গে মাংস খাই। আমার মনে হয় এটাই আমার প্রিয় খাবার।”
ম্যাচে জোড়া গোল করা মাতেউস কুনিয়ার প্রশংসাও করেন ভিনিসিয়ুস। তিনি বলেন, কুনিয়া দুর্দান্ত খেলেছে এবং দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার দুটি গোল পাওয়ায় ভিনিসিয়ুস আনন্দ প্রকাশ করেন। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্রয়ের পর দলের পরিবর্তন নিয়েও কথা বলেন এই ব্রাজিল তারকা। তিনি বলেন, অভিষেক ম্যাচের চাপ ছিল, তবে হাইতির বিপক্ষে খেলোয়াড়রা অনেক বেশি স্বচ্ছন্দ ছিল এবং দলের খেলার ধরনেও উন্নতি এসেছে।
মাঝমাঠে খেলার বিষয়ে ভিনিসিয়ুস জানান, কোচ তাকে মাঝখানে খেলতে বলেছেন। যদিও এই পজিশন তার খুব পছন্দ নয়, তবুও মজা করে বলেন, “যখনই মাঝখানে খেলি, তখনই গোল করি।”
