নিজ সংবাদ:
যাত্রীদের আরও আরামদায়ক ও উন্নতমানের যাতায়াত সুবিধা দিতে ‘প্রিমিয়ার প্লাস’ নামে নতুন সেবা চালু করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। প্রাথমিকভাবে রাজধানী ঢাকায় চালু হওয়া এই সুবিধার মাধ্যমে যাত্রীরা নতুন মডেলের সেডান গাড়ি এবং অভিজ্ঞ ও উচ্চ রেটিংপ্রাপ্ত চালকদের সঙ্গে যাতায়াতের সুযোগ পাবেন।
সোমবার (২২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে উবার বাংলাদেশ জানায়, যেসব যাত্রী ভ্রমণের সময় বাড়তি স্বাচ্ছন্দ্য ও উন্নত সেবা প্রত্যাশা করেন, তাদের জন্যই এই নতুন সুবিধা চালু করা হয়েছে।
উবারের অ্যাপে গন্তব্যের তথ্য দেওয়ার পর ‘প্রিমিয়ার প্লাস’ অপশন নির্বাচন করলেই এ সুবিধা ব্যবহার করা যাবে। নতুন এই সেবার মাধ্যমে যাত্রীরা তুলনামূলক উন্নতমানের গাড়ি, আরামদায়ক পরিবেশ এবং আরও ভালো যাত্রী অভিজ্ঞতা পাবেন।
উবার বাংলাদেশে কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদওয়ান রেজভী বলেন, যাত্রীদের অভিজ্ঞতা উন্নত করা এবং তাদের বিভিন্ন ধরনের যাতায়াত চাহিদা পূরণে উবার সব সময় কাজ করছে। প্রিমিয়ার প্লাস এমন যাত্রীদের জন্য তৈরি করা হয়েছে, যারা নতুন গাড়ি ও দক্ষ চালকের মাধ্যমে আরও উন্নত সেবা নিতে চান।
তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর এই সেবার মাধ্যমে যাত্রীদের জন্য নিরাপদ, আরামদায়ক ও মানসম্মত যাতায়াত নিশ্চিত করাই উবারের লক্ষ্য। রাজধানীর পর ভবিষ্যতে দেশের অন্যান্য এলাকাতেও এ ধরনের সুবিধা সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে।
