আন্তর্জাতিক ডেস্ক:
কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৯ জুন) রাতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতায় ফেরাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দিল্লিতে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠক শেষে কলকাতা ফেরার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হন তৃণমূল কর্মী-সমর্থকরা। একই সময় সেখানে বিজেপির কর্মী-সমর্থকরাও উপস্থিত ছিলেন।
তৃণমূলের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়ার পরিকল্পনা করা হয়েছিল। এ অভিযোগ ঘিরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। এতে বিমানবন্দর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে সরিয়ে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিরাপত্তার স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিমানবন্দরের অন্য একটি গেট দিয়ে বের করে নেওয়া হয়। ঘটনার পর তৃণমূল কংগ্রেস সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে অভিযোগ করেছে, বিজেপির কর্মীরা তাদের নেতাকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করেছিল। তবে বিজেপির পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রশাসনের পক্ষ থেকেও ডিম ছোড়ার অভিযোগের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি। বর্তমানে বিমানবন্দর এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
