অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কুষ্টিয়া পৌর বিএনপির প্রতিবাদ মিছিল

বুধবার, জুন ২৪, ২০২৬

 

নিজ সংবাদ \ “রাজনৈতিক অপশক্তি বন্ধ করো, চাই সুস্থ ধারার রাজনীতি” প্রতিপাদ্যে অপপ্রচার শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কুষ্টিয়ায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া পৌর বিএনপির আয়োজনে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড়বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়। পৌর বিএনপির সভাপতি এ. কে বিশ্বাস বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের সার্বিক সঞ্চালনায় পৌর ২১টি ওয়ার্ড বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক, মহিলা দলের নেত্রীবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীমউল হাসান অপু, জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমীন রানা কানাই, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট খাদেমুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আবু তালেব, পৌর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ফুহাদ রেজা ফাহিম, রাকিবুল হাসান রিংকু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিথুন, জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি প্রমূখ। মিছিলে অংশগ্রহণকারীরা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন এবং তাদেরকে চুপ থাকার হুশিয়ারি দেন। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, বিগত সময়ে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন হত্যা, গুম করেছিলো। দেশে উন্নয়নের নামে বিদেশে অর্থ পাচার করেছে। গত ২০২৪ সালে স্বৈরশাসকের বিরুদ্ধে ছাত্র জনতা আন্দোলন করায় তাদের পতন হয়েছে। দেশের মানুষ শান্তিতে থাকতে চাই। সে লক্ষ্যে তাদের বিরুদ্ধে আন্দোলন করে প্রতিহত করেছিলো। তারা আবারো দেশকে অস্থিতিশীল করতে মাথা চারা দিয়ে উঠছে। বর্তমানে দেশের অবস্থা ভালো না। তারা ইন্ডিয়ার সহযোগিতা নিয়ে কাজ করছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে হবে। তিনি আরো বলেন, আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে আসেন। প্রশাসনের মধ্যে এখনো একটি গ্রুপ আছে, যারা শেখ হাসিনার লোকদের ভালো রাখার চেষ্টা করছে। বিএনপি জনগণের শান্তির জন্য রাজনীতি করে। তাই প্রশাসনকে বলতে চাই আপনারা শক্তহাতে এটার মোকাবিলা করতে হবে। এরপরও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন খান্ত না হলে আমরা যে কোন আঘাতকে শক্তহাতে প্রতিহত করবো। তিনি বলেন, বিএনপি সবসময় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বিশ্বাসী। দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সুন্দর সমাজ গড়ে তোলার লক্ষ্যে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। আমরাও চাই কুষ্টিয়ার মানুষ শান্তিতে বসবাস করবে। যারা কুষ্টিয়ায় অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রশাসনকে আইনগত ব্যবস্থা নেওয়ার আহব্বান জানান তিনি। এছাড়া মিছিল শেষে সমাবেশে কামাল উদ্দিন বলেন, যারা বাংলাদেশ থেকে উচ্ছেদ হয়ে গিয়েছে, আমরা বিগত ১৭ বছর ধরে বাড়িতে ঘুমাতে পারি নাই। আপনারা পুলিশকে দিয়ে আমাদের হয়রানি করেছেন। মিথ্যা মামলা দিয়ে জেলে দিয়েছেন। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার পরেও আমরা কোন আওয়ামী লীগকে হেনস্তা করি নাই। সে সময় আপনারা আমাদের কুষ্টিয়াতে থাকতে দেন নাই। আমরা চাই সকলে শান্তিতে বসবাস করবে। তিনি বলেন, আপনারা আপনাদের মতো চুপচাপ থাকেন, কোন রকম নৈরাজ্য করার চেষ্টা করলে আপনাদের ছাড় দেওয়া হবে না। সারা দেশের ন্যায় প্রতিবাদ মিছিল করে কুষ্টিয়া পৌর বিএনপি আজ উদ্বোধনী ম্যাচ খেললো। এই উদ্বোধনী ম্যাচে আপনাদের সতর্ক করতে চাই জনগণকে শান্তিতে থাকতে দেন। কোন রকমের অরাজকতার সৃষ্টি চেষ্টা করবেন না। আজকের পর থেকে কোন রকম অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করলে ঘর থেকে টেনে এনে লকাপে ঢুকিয়ে দিবো। কোন রকম ছাড় দেওয়া হবে না।