দেশে এখন গুম-ক্রসফায়ার নেই: রিজভী

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

বর্তমানে দেশে গুম, ক্রসফায়ারের মতো ঘটনা নেই বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বুধবার (২৪ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলারও অবসান ঘটেছে। আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে। দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলেও দাবি করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর প্রসঙ্গে রিজভী বলেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার সুযোগ তৈরি হবে। পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে প্রধানমন্ত্রী কার্যকর উদ্যোগ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশকে আর পরনির্ভরশীল অবস্থায় রাখা হবে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে একটি আত্মনির্ভর ও সক্ষম রাষ্ট্র গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

রিজভী অভিযোগ করেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে বর্তমান সরকারের সময়ে দেশবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

বিরোধী দলগুলোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে। অথচ তাদের নিজেদের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।