নিজ সংবাদ:
দেশে বর্তমানে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্যভাণ্ডার অনুযায়ী দেশে বৈধভাবে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৫০ লাখে পৌঁছেছে। একই সঙ্গে সড়ক ও মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী মোটরসাইকেল শনাক্ত ও নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
অবৈধ মোটরসাইকেল বৈধ করার বিষয়ে তিনি জানান, যেসব মোটরসাইকেল এখনো বিআরটিএর নিবন্ধন পায়নি, সেসব যানবাহনের মালিকরা প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাযথ নিয়মে আবেদন করলে বিআরটিএ তাদের নিবন্ধনের ব্যবস্থা গ্রহণ করবে। ফলে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে এসব মোটরসাইকেল বৈধতা পেতে পারবে।
মন্ত্রী আরও বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নিবন্ধনবিহীন যানবাহনের বিরুদ্ধে নজরদারি ও আইন প্রয়োগ অব্যাহত রয়েছে। পাশাপাশি বৈধ নিবন্ধন গ্রহণে মোটরসাইকেল মালিকদের উৎসাহিত করা হচ্ছে, যাতে সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা আরও জোরদার করা যায়।
