নিজ সংবাদ:
দেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল বা ফ্রি ট্রেড জোন প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার (১৭ জুন) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এ তথ্য জানান ড. নাসিমুল গনি।
তিনি বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণই এ উদ্যোগের প্রধান লক্ষ্য। প্রস্তাবিত ফ্রি ট্রেড জোনে প্রচলিত কাস্টমসের কঠোর বিধিনিষেধ কার্যকর থাকবে না এবং ব্যবসায়ীরা শুল্কমুক্ত সুবিধা পাবেন। প্রাথমিকভাবে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও চট্টগ্রাম বন্দরের কাছাকাছি প্রায় ৬০০ একর জমিতে এ অঞ্চল গড়ে তোলা হবে।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, চট্টগ্রামের আনোয়ারায় ‘চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি বিশেষ উদ্দেশ্যভিত্তিক কোম্পানির সঙ্গে উন্নয়ন ও ভূমি ইজারা চুক্তির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে ওই এলাকায় শিল্পায়ন ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, হরমুজ প্রণালিতে চলমান সংকটের কারণে বিভিন্ন দেশ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ও তেল আমদানিতে কিছুটা বিঘ্ন ঘটছে। ফলে স্পট মার্কেট থেকে জ্বালানি কিনতে হচ্ছে। তবে দেশের জ্বালানি পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে বলেও জানান তিনি।
এছাড়া কৃষি খাতের চাহিদা পূরণে রাশিয়া থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। সরকারের আশা, এসব উদ্যোগ দেশের অর্থনীতি, শিল্পায়ন ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
