জামায়াত আমিরের সঙ্গে ইরানী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বুধবার, জুন ১৭, ২০২৬

নিজ সংবাদ:

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদি। বুধবার (১৭ জুন) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও ইরানের মধ্যে পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠন, তেহরান-ঢাকা সরাসরি বিমান যোগাযোগ চালু এবং মেডিকেল ট্যুরিজম সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। এ সময় ডা. শফিকুর রহমান ইরান সরকারের সহযোগিতায় বাংলাদেশে একটি বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেন।

জামায়াত সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সাফল্য এবং বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ডা. শফিকুর রহমানকে অভিনন্দন জানান ইরানের রাষ্ট্রদূত। একই সঙ্গে আদর্শভিত্তিক রাজনৈতিক দল হিসেবে জামায়াতের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি।

বৈঠকে সাম্প্রতিক সংঘাতে নিহত ইরানি নাগরিকদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান জামায়াত আমির। তিনি সংঘাতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং শান্তি প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানান।

দুই দেশের মধ্যে বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা এবং মুসলিম বিশ্বের সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা হয়। ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশ-ইরান সুসম্পর্ক আরও জোরদার করতে বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে ইরান সরকারের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরসহ উভয় পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।