ক্রীড়া ডেস্ক:
আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। কনকাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দলের তিনটি গোলই করেন লিওনেল মেসি।
বিশ্বকাপ ইতিহাসে এটি মেসির প্রথম হ্যাটট্রিক। একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে এটি তার ১১তম হ্যাটট্রিক, যা তাকে নতুন এক উচ্চতায় নিয়ে গেছে। এর আগে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১০টি হ্যাটট্রিকের রেকর্ড যৌথভাবে ধরে রেখেছিলেন মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। আলজেরিয়ার বিপক্ষে তিন গোল করে সেই রেকর্ডে একক মালিকানা প্রতিষ্ঠা করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
এই ম্যাচে আরও একটি গুরুত্বপূর্ণ রেকর্ড ভেঙেছেন মেসি। ৩৮ বছর বয়সে হ্যাটট্রিক করে তিনি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করা ফুটবলার হয়েছেন। এর আগে রেকর্ডটি ছিল রোনালদোর দখলে, যিনি ২০১৮ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায়ও শীর্ষে উঠে এসেছেন মেসি। এখন আর মাত্র একটি গোল করলেই তিনি এককভাবে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নেবেন।
এছাড়া অ্যাসিস্টের ক্ষেত্রেও নতুন ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। বর্তমানে বিশ্বকাপে তার অ্যাসিস্ট সংখ্যা ৮, যা কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা-র সমান। আর একটি অ্যাসিস্ট করলেই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ অ্যাসিস্টদাতার রেকর্ডও নিজের করে নেবেন মেসি। এক ম্যাচেই একাধিক রেকর্ড গড়ে এবং নতুন কয়েকটি রেকর্ডের দুয়ারে পৌঁছে আবারও নিজের অসাধারণত্বের প্রমাণ দিলেন আর্জেন্টাইন মহাতারকা।
