অভয়নগরে একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

বুধবার, জুন ১৭, ২০২৬

নিজ সংবাদ:

যশোরের অভয়নগর উপজেলায় একাধিক মামলার আসামি রিয়াজ হোসেনকে (২৯) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ জুন) গভীর রাতে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান। নিহত রিয়াজ ধলিরগাতী গ্রামের মনসুর আলীর ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ অন্তত ছয়টি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত একটার দিকে দুর্বৃত্তরা রিয়াজকে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় বিদ্যালয় মাঠে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. মোহাম্মদ সবুজ জানান, রাত দুইটার পর রিয়াজকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

ওসি মো. নুরুজ্জামান বলেন, দুর্বৃত্তদের হামলায় রিয়াজ হোসেন নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

ঘটনার কারণ ও জড়িতদের পরিচয় জানতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।