৭ দফা দাবির সঙ্গে একমত গভর্নর মোস্তাকুর রহমান

বুধবার, জুন ১৭, ২০২৬

নিজ সংবাদ:

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর উত্থাপিত সাত দফা দাবির সঙ্গে নীতিগতভাবে একমত হয়েছেন বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।

বুধবার (১৭ জুন) সকালে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রফেসর নুর নবী মানিক। তিনি বলেন, ভুক্তভোগী শেয়ারহোল্ডার ও গ্রাহকদের পক্ষ থেকে সাত দফা দাবিসংবলিত স্মারকলিপি দেওয়ার পর গভর্নর বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং আলোচনার উদ্যোগ নেন।

নুর নবী মানিক জানান, বৈঠকে গভর্নর দাবিগুলো মনোযোগ দিয়ে শুনেছেন এবং নীতিগতভাবে সমর্থন জানিয়েছেন। এ সময় ফোরামের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানো হয়।

তিনি বলেন, আর্থিক অনিয়ম বা কেলেঙ্কারির সঙ্গে জড়িত কেউ যেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বা পরিচালনা পর্ষদে থাকতে না পারেন, সেটিই তাদের অন্যতম প্রধান দাবি। একই সঙ্গে নৈতিক, পেশাদার ও দলনিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠনের আহ্বান জানানো হয়েছে।

ফোরামের নেতারা আশা প্রকাশ করেন, সাত দফা দাবির আলোকে নতুন পর্ষদ গঠিত হলে ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা আরও বৃদ্ধি পাবে এবং প্রতিষ্ঠানটির স্থিতিশীলতা ফিরে আসবে। দাবি বাস্তবায়িত হলে তারা দেশব্যাপী ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়ে ব্যাংকের পুনর্গঠন প্রক্রিয়ায় সহযোগিতা করবেন বলেও জানান।

সাত দফা দাবির মধ্যে রয়েছে— স্বাধীন ও যোগ্য পরিচালনা পর্ষদ গঠন, ২০১৭ সালের শেয়ার মালিকানা পরিবর্তনের বিষয় পুনর্বিবেচনা, ব্যাংক লুটের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, দ্রুত বিচার নিশ্চিত করা, লুণ্ঠিত অর্থ উদ্ধার এবং সম্পদ বাজেয়াপ্ত করা।

এছাড়া ব্যাংক খাতে অস্থিরতা দূর করতে বিতর্কিত সিদ্ধান্ত থেকে বিরত থাকা, ব্যাংক কোম্পানি আইনের ১৮/ক ধারা সংশোধন এবং ব্যাংক-সংক্রান্ত বিভ্রান্তিকর রাজনৈতিক বক্তব্য প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে।

তবে বৈঠক বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।