ইরানের সঙ্গে চুক্তি অসাধারণ সাফল্য

স্থল অভিযান হতো আত্মঘাতী: ট্রাম্পের উপদেষ্টা

বুধবার, জুন ২৪, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ডেভিড স্যাকস ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক চুক্তিকে ‘অসাধারণ সাফল্য’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, সামরিক সংঘাত বাড়ানোর পরিবর্তে কূটনৈতিক সমাধানই হতে পারে বেশি কার্যকর পথ।

স্থানীয় সময় শনিবার (২০ জুন) ‘অল-ইন পডকাস্ট’-এ দেওয়া এক সাক্ষাৎকারে স্যাকস বলেন, ইরানে স্থল অভিযান চালানোর দাবি বাস্তবসম্মত নয়। তার মতে, ইরানের বিশাল ভূখণ্ডে সামরিক অভিযান পরিচালনা করতে প্রায় ১০ লাখ সেনার প্রয়োজন হতে পারে।

তিনি সতর্ক করে বলেন, এ ধরনের অভিযান হবে ‘একটি আত্মঘাতী মিশন’। তাই বর্তমান চুক্তিকে সফল হওয়ার সুযোগ দেওয়া উচিত।

ইরানের নির্বাসিত বিরোধী নেতা রেজা পাহলভির প্রসঙ্গ তুলে স্যাকস প্রশ্ন করেন, যারা ইরানে সরকার পরিবর্তনের পক্ষে কথা বলেন, তারা নিজেরা কতটা ঝুঁকি নিতে প্রস্তুত।

তিনি বলেন, “রেজা পাহলভি যদি বেভারলি হিলসে গিয়ে তার সমর্থকদের নিয়ে একটি বাহিনী গঠন করতে চান, তাহলে তিনি চেষ্টা করে দেখতে পারেন।”

স্যাকস আরও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত কূটনৈতিক পথকে গুরুত্ব দেওয়া। তিনি আহ্বান জানান, “আসুন, শান্তিকে একটি সুযোগ দিই।”

তিনি একই সঙ্গে সতর্ক করেন, যুক্তরাষ্ট্র যেন আবারও ইরাক ও আফগানিস্তানের মতো দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে না পড়ে।