নিজ সংবাদ:
দেশের শিক্ষা ব্যবস্থার দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অবহেলার কঠোর সমালোচনা করে জাতীয় সংসদে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, গত দুই দশকের ব্যর্থতার কারণে বাংলাদেশের উচ্চমাধ্যমিক (এইচএসসি) স্তরকে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সমমান হিসেবে তুলনা করা হয়। তিনি বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকার শিক্ষা খাতে ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু করেছে।
রোববার (১৪ জুন) জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাকে জাতির সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রাথমিক শিক্ষা, কারিকুলাম, শিক্ষক প্রশিক্ষণ, অবকাঠামো ও প্রশাসনিক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে।
তিনি জানান, অতীতে শিক্ষা খাতে জিডিপির মাত্র ১.৩ থেকে ১.৪ শতাংশ বরাদ্দ থাকলেও এবার তা বাড়িয়ে ২ শতাংশ করা হয়েছে। ভবিষ্যতে এ হার ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে।
শিক্ষা ব্যবস্থায় খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম অন্তর্ভুক্ত করার বিরোধিতাকারীদের সমালোচনা করে ববি হাজ্জাজ বলেন, সৃজনশীল ও উদার চিন্তার নাগরিক গড়ে তুলতে সংস্কৃতি ও ক্রীড়াকে শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ করা হয়েছে। এ নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অনেক শিক্ষার্থীর ব্যর্থতা শিক্ষা ব্যবস্থার দুর্বলতারই প্রতিফলন। তাই আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। একই সঙ্গে তিনি বিরোধী দলের প্রতি গঠনমূলক সমালোচনার আহ্বান জানান এবং শিক্ষা উন্নয়নের জাতীয় লক্ষ্য অর্জনে সহযোগিতা কামনা করেন।
