সংসদ পরিচালনায় মিনিটে ব্যয় ২ লাখ ৭২ হাজার টাকা !

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

জাতীয় সংসদ পরিচালনায় প্রতি মিনিটে ২ লাখ ৭২ হাজার টাকার বেশি খরচ হয় উল্লেখ করে সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ড. নিলোফার চৌধুরী মনি।

রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১১তম দিনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নীলফামারী-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল মুনতাকিমের দেওয়া ‘শহীদ মুক্তিযোদ্ধার সন্তান’ দাবি প্রসঙ্গেও কথা বলেন।

নিলোফার মনি বলেন, মহান জাতীয় সংসদ পরিচালনায় বিপুল অর্থ ব্যয় হয়। অথচ এখানে পর্দা, বালিশ, মেশিন, মাইক্রোওয়েভসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কার বাবা-দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন—এমন বিষয় নিয়েও আলোচনা হয়।

তিনি বলেন, যে সংসদ সদস্য দাবি করেছেন তার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, তার জন্ম ১৯৮১ সালে। মুক্তিযুদ্ধের ১০ বছর পর জন্ম হলে ওই দাবি কীভাবে সত্য হয়—এ প্রশ্নও তোলেন তিনি।

নিলোফার মনি বলেন, সংসদ সদস্য হতে হলে শুধু মুক্তিযোদ্ধা হতে হবে এমন নয়, জনগণের জন্য কাজ করাই মূল বিষয়। তবে জাতীয় সংসদে অসত্য তথ্য উপস্থাপন গ্রহণযোগ্য নয়।

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংশ্লিষ্ট সংসদ সদস্য নিজের ভুল সংশোধন করেছেন। তার পিতা জীবিত আছেন এবং তিনি জানিয়েছেন, বক্তব্যটি ভুলক্রমে বলা হয়েছিল। স্পিকার আরও বলেন, এটি ইচ্ছাকৃত ভুল নয়।