নিজ সংবাদ:
সাধারণ খেটে খাওয়া মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কেউ কেউ ‘চানাচুর’ ও ‘গণবিরোধী’ বলে আখ্যায়িত করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৭ জুন) সিলেটের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী প্রচারণা সিলেট থেকেই শুরু হয়েছিল এবং হবিগঞ্জে চা-বাগানের নারী শ্রমিকদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আজ শ্রীমঙ্গলের মাটিতে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হলো।
তারেক রহমান বলেন, দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনে নারী-পুরুষ উভয়ের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীদের স্বাবলম্বী না করে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। এ লক্ষ্যেই সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে, যা নির্বাচনের এক মাসের মধ্যেই বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষার্থীদের খেলাধুলা, চিকিৎসা এবং সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন খাতে বরাদ্দ রাখা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নের চেষ্টা করছে সরকার।
তিনি বলেন, “যে বাজেটে সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে, সেটি কিছু মানুষের পছন্দ হয়নি। তারা এই বাজেটকে চানাচুরের মতো বলে মন্তব্য করছেন। অথচ এই বাজেট মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য প্রণয়ন করা হয়েছে।”
সরকার জনগণের ভাগ্যোন্নয়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মানুষের কল্যাণে নেওয়া কর্মসূচিগুলো পর্যায়ক্রমে আরও বিস্তৃত করা হবে এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
