নিজ সংবাদ:
গাজীপুর মহানগরীর দিগিরচালা এলাকায় অবস্থিত ‘মেট্রিক্স স্টাইলস্ সোয়েটার’ নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) সকাল ১০টা ৫ মিনিটের দিকে কারখানাটির ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ভোগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার আজিজুল হক জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভোগড়া বাইপাস ফায়ার সার্ভিস স্টেশন থেকে পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আরও একটি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কারখানার ষষ্ঠ তলা থেকে হঠাৎ কালো ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে শ্রমিক ও স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে আগুনের বিস্তার রোধ করেন এবং এক ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এখন পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে।
