নিজ সংবাদ:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা ছয়টার দিকে নদীর পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
এর আগে একই দিন বিকেল তিনটায় তিস্তার পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। ডালিয়া পয়েন্টে নদীর পানির বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার বলে জানিয়েছে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, গত এক-দুই দিনের ভারী বৃষ্টি এবং ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
তিনি জানান, পরিস্থিতি মোকাবিলায় তিস্তাপারের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে তিস্তা ব্যারাজের সব জলকপাট খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড।
