ব্রাজিলের জয়ে শোবিজ তারকাদের উচ্ছ্বাস

সামাজিক মাধ্যমে হলুদ জার্সির উৎসব

বুধবার, জুন ২৪, ২০২৬

বিনোদন ডেস্ক:

হাইতিকে ৩-০ গোলে হারিয়ে চলতি বিশ্বকাপে জয়ের ধারায় ফিরেছে ব্রাজিল। আগের ম্যাচে পয়েন্ট হারানোর হতাশা কাটিয়ে এই জয়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে ব্রাজিল সমর্থকদের মাঝে। সেই আনন্দে যোগ দিয়েছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও।

ম্যাচ শুরুর আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায় ব্রাজিল সমর্থকদের উন্মাদনা। জয়ের পর তারকারা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন নানা পোস্ট ও ভিডিওর মাধ্যমে। টেলিভিশন উপস্থাপিকা নীল হুরের জাহান বিশ্বকাপ উপলক্ষে ক্রীড়া উপস্থাপনায় ব্যস্ত রয়েছেন। ব্রাজিলের জয়ের পর তিনি লিখেছেন, সাম্বার ছন্দে ব্রাজিল আবারও ফিরেছে। মাতেউস কুনিয়ার জোড়া গোলে ৩-০ ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে দলটি।

চিত্রনায়িকা দীঘিও ব্রাজিলের জয় উদযাপন করে লিখেছেন, ‘চলুন, ব্রাজিলের জন্য গলা ফাটাই।’ অন্যদিকে আরজে নীরব মজার ছলে লিখেছেন, ‘কেমন দিলাম!’

সংগীতশিল্পী বিউটি সন্তানকে সঙ্গে নিয়ে ব্রাজিলের জার্সি পরে একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে ফুটে উঠেছে তাদের জয় উদযাপনের মুহূর্ত।

কনটেন্ট নির্মাতা সাদিয়া আয়মান ও আয়মান সাদিক সরাসরি স্টেডিয়ামে বসে ব্রাজিলের ম্যাচ উপভোগ করেন। সাদিয়া জানান, বিশ্বকাপে এসে সরাসরি ব্রাজিলের খেলা দেখার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে।

নির্মাতা এস এ হক অলিকও নিজের ভিন্নধর্মী প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ব্রাজিল ধীরে ধীরে ছন্দে ফিরছে, যদিও তিনি আরও বেশি গোল প্রত্যাশা করেছিলেন।

এদিকে অভিনেত্রী ও মডেল মোনালিসা নিউইয়র্ক থেকে ব্রাজিলের জার্সি পরে উদযাপনের ছবি প্রকাশ করেছেন। সংগীতশিল্পী শুভ্রদেবও ব্রাজিলের জার্সি পরে দলের প্রতি সমর্থন জানিয়েছেন এবং নেইমারের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন।

হাইতির বিপক্ষে ব্রাজিলের জয় শুধু মাঠেই সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। তারকাদের পোস্ট ও উদযাপনে আবারও প্রমাণ হয়েছে, বিশ্বকাপ এলেই ব্রাজিলকে ঘিরে সমর্থকদের আবেগ কতটা গভীর।