নিজ সংবাদ:
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহিন শেখ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার পাগলা থানার পাঁচভাগ ইউনিয়নের দক্ষিণ হারিনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহিন শেখ ওই গ্রামের নয়ন শেখের ছেলে এবং পাঁচভাগ ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিশ্বকাপ উপলক্ষে বাড়ির পাশে একটি আমগাছে ব্রাজিলের পতাকা টাঙাতে ওঠে মাহিন ও তার চাচাতো ভাই ফাহিম শেখ। এ সময় পতাকা টাঙানোর জন্য ব্যবহার করা বাঁশটি হেলে গিয়ে গাছের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারে স্পর্শ করে। এতে মাহিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
ফাহিমের চিৎকারে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে মাহিনকে উদ্ধার করেন। পরে তাকে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই রায়হান শেখ জানান, ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহিনের মৃত্যু হয়েছে। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
