আন্তর্জাতিক ডেস্ক:
কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন ডানপন্থী প্রার্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। প্রাথমিক ভোট গণনায় দেখা গেছে, খুব সামান্য ব্যবধানে তিনি বামপন্থী প্রতিদ্বন্দ্বী ইভান সেপেদাকে পরাজিত করেছেন।
গত ৩১ মে অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ফল অনুযায়ী, ৯৯ শতাংশ ভোট গণনার পর এসপ্রিয়েলা পেয়েছেন প্রায় ৪৯ দশমিক ৭ শতাংশ ভোট। অন্যদিকে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ঘনিষ্ঠ সেপেদা পেয়েছেন ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট।
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে এসপ্রিয়েলাকে সমর্থন দেন। অবৈধ সশস্ত্র গোষ্ঠী, মাদক পাচার ও অপরাধ দমনে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এসপ্রিয়েলা।
প্রাথমিক ফল ঘোষণার পর ক্যারিবীয় উপকূলীয় শহর বারানকিলায় সমর্থকদের উদ্দেশে এসপ্রিয়েলা বলেন, দেশের জন্য নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, ভোটারদের মতামত নির্বিশেষে সব নাগরিকের প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন।
৪৭ বছর বয়সী এসপ্রিয়েলা পেশায় আইনজীবী ও ব্যবসায়ী। রাজনীতিতে তার পূর্ব অভিজ্ঞতা ছিল না। তবে আইনজীবী হিসেবে তিনি বিভিন্ন আলোচিত ব্যক্তির হয়ে মামলা পরিচালনা করেছেন।
এসপ্রিয়েলার বিজয় কলম্বিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। দীর্ঘদিনের সশস্ত্র সংঘাত মোকাবিলায় তিনি অবৈধ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এসপ্রিয়েলার জয়ে অভিনন্দন জানিয়ে এটিকে ‘বড় ঘটনা’ বলে উল্লেখ করেছেন। তার জয়ের মাধ্যমে কলম্বিয়া আরও ডানপন্থী নীতির দিকে ঝুঁকতে পারে এবং যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
