নিজ সংবাদ:
ছাত্রদল নেতা মো. নুরুজ্জামান জনি হত্যা ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (১৪ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। একইসঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ জুন দিন নির্ধারণ করা হয়েছে।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তিনি মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরে সাবেক দুই পুলিশ কর্মকর্তাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি এবং তদন্ত শেষ করতে সময় প্রার্থনা করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল উভয় আবেদন মঞ্জুর করেন। এর আগে সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে শহীদুল হক ও আসাদুজ্জামান মিয়াকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
প্রসিকিউশনের দাবি, ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে পুলিশ তুলে নিয়ে যায়। পরে ওই রাতেই খিলগাঁও খেলার মাঠ এলাকায় ‘বন্দুকযুদ্ধ’ বা ‘ক্রসফায়ারের’ ঘটনা সাজিয়ে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তৎকালীন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও আইজিপি শহীদুল হকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
