ক্রীড়া ডেস্ক:
আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে জয়ের দেখা পায়নি নিগার সুলতানা জ্যোতির দল। নির্ধারিত ২০ ওভারের ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ১১ রানে পরাজিত হয়েছে টাইগ্রেসরা।
টস জিতে প্রথমে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। শুরুতে দুই ওপেনারকে দ্রুত ফিরিয়ে দিলেও আইরিশদের হয়ে রেবেকা স্টোকেল সর্বোচ্চ ৩০ রান করেন। এছাড়া শেষদিকে ১১ নম্বরে নেমে মাত্র ৮ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলেন আভা ক্যানিন। নির্ধারিত ওভারে আয়ারল্যান্ড সংগ্রহ করে ১৪৩ রান।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার দিলারা আক্তার শূন্য রানে আউট হন। এরপর জুয়াইরিয়া ফেরদৌস ও শারমিন আক্তারের ৭৭ রানের জুটি বাংলাদেশকে ম্যাচে ফেরায়। জুয়াইরিয়া ৩৮ বলে ৫০ রান এবং শারমিন ৪০ বলে ২৭ রান করেন। তবে এই দুই ব্যাটারের বিদায়ের পর আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি।
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ১৯ ও স্বর্ণা আক্তার ১২ রান করলেও দলকে জয় এনে দিতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৩২ রান সংগ্রহ করে বাংলাদেশ, ফলে ১১ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগ্রেসদের।
