পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েন বাধ্যতামূলক অবসরে

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

এর আগে ২০২৪ সালের ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কাছে গোলাম সাকলায়েনের বিরুদ্ধে ‘গুরুদণ্ড’ হিসেবে বাধ্যতামূলক অবসরের বিষয়ে মতামত চেয়ে চিঠি পাঠায়। ওই চিঠিতে উল্লেখ করা হয়, মোবাইল ফোনের ফরেনসিক বিশ্লেষণে বিভিন্ন সময়ে চিত্রনায়িকা পরীমনির বাসভবনে তার উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে।

২০২১ সালে সাভারের একটি বোট ক্লাবে ঘটে যাওয়া আলোচিত ঘটনার পর পরীমনি ধর্ষণচেষ্টা ও নির্যাতনের অভিযোগে মামলা করেন। মামলার তদন্তের অংশ হিসেবে তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলে তৎকালীন ডিবি কর্মকর্তা গোলাম সাকলায়েনের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ গড়ে ওঠে বলে তদন্ত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ২০২১ সালের আগস্টে পরীমনি রাজারবাগে গোলাম সাকলায়েনের সরকারি বাসভবনে দীর্ঘ সময় অবস্থান করেছিলেন। একই বছরের ৪ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে পরীমনি গ্রেপ্তার হলে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।

দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া শেষে সরকার গোলাম সাকলায়েনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত কার্যকর করেছে।