নিজ সংবাদ:
দেশব্যাপী রেল যোগাযোগ সম্প্রসারণে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, বর্তমানে দেশের ৪৯টি জেলা রেল নেটওয়ার্কের আওতায় রয়েছে। সরকারের লক্ষ্য পর্যায়ক্রমে দেশের সব ৬৪ জেলাকে রেলসেবার সঙ্গে যুক্ত করা।
মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, রেলপথ সম্প্রসারণ কর্মসূচির আওতায় শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুর জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব জেলার সঙ্গে রেল সংযোগ স্থাপনের বিষয়ে প্রয়োজনীয় পরিকল্পনা ও প্রস্তুতিমূলক কাজ এগিয়ে চলছে।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে দেশের রেল যোগাযোগ ব্যবস্থা, চলমান উন্নয়ন প্রকল্প, সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে। বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
তিনি বলেন, আখাউড়া-সিলেট ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ প্রকল্প এবং ধীরাশ্রমে আইসিডি কনটেইনার টার্মিনাল নির্মাণ প্রকল্প অনুমোদন পেয়েছে। পাশাপাশি টঙ্গী-আখাউড়া ও লাকসাম-সিলেট রুটের বিদ্যমান মিটারগেজ লাইনকে ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম রেলপথে যাত্রী ও পণ্য পরিবহন আরও দ্রুত ও কার্যকর করতে ঢাকা-কুমিল্লা কর্ড লাইন নির্মাণেরও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৮০ থেকে ৮২ কিলোমিটার পথ কমে আসবে বলে জানান মন্ত্রী।
এ ছাড়া রাজধানীকেন্দ্রিক কমিউটার ট্রেন ব্যবস্থা সম্প্রসারণের অংশ হিসেবে ঢাকা-মানিকগঞ্জ রেল সংযোগ স্থাপনের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। তার মতে, ঢাকার আশপাশের জেলার মানুষের কর্মস্থল, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন যাতায়াত সহজ করতে এ ধরনের রেল সংযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
