আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের লারেডো শহরে একটি ছোট বিমান মহাসড়কে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যাওয়ার ঘটনায় একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) রাতে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তবে মহাসড়কে চলাচলরত কোনো যানবাহনের যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। লারেডো পুলিশ বিভাগের তদন্তকারী হোসে বায়েজা জানান, রাত ১০টার কিছু পর বিমানটি শহরের একটি প্রধান মহাসড়কে আছড়ে পড়ে। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সড়কের উভয় দিকের যান চলাচল বন্ধ করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি সড়কের একটি নিরাপত্তা ব্যারিয়ারের সঙ্গে ধাক্কা খেয়ে কাত হয়ে পড়ে আছে এবং তাতে আগুন জ্বলছে। প্রত্যক্ষদর্শী জাইরা গারজা জানান, ঘটনাস্থলে পৌঁছে তিনি বিমানের ভেতরে থাকা এক ব্যক্তিকে ককপিটের জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করতে দেখেন। এ সময় আশপাশের লোকজনও উদ্ধারকাজে এগিয়ে আসেন।
তার ভাষ্য অনুযায়ী, কিছুক্ষণ পর বিমানের দরজা খুলে গেলে তিনজন কিশোর-কিশোরী দ্রুত বেরিয়ে আসে। পরে একজন পাইলট বলে ধারণা করা ব্যক্তিও বের হন। আরও একজন ক্রু সদস্য অচেতন অবস্থায় থাকা এক ব্যক্তিকে উদ্ধার করার চেষ্টা করেন।
দুর্ঘটনার ভয়াবহতা বর্ণনা করে জাইরা গারজা বলেন, দৃশ্যটি ছিল অনেকটা সিনেমার মতো। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় যে কোনো সময় বড় ধরনের বিস্ফোরণের আশঙ্কা ছিল। বিমানটি কেন মহাসড়কে বিধ্বস্ত হলো, সে বিষয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
