জামায়াত আমিরের সঙ্গে পাক হাইকমিশনারের বৈঠক

কি আলোচনা হলো বৈঠকে ?

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের সম্পর্ক, শিক্ষা, বাণিজ্য ও সংসদীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে পাকিস্তান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর কামরান দাংগালও উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে হাইকমিশনার ইমরান হায়দার জানান, বাংলাদেশ ও পাকিস্তান ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পেয়েছে এবং সামরিক ও বেসামরিক পর্যায়ে একাধিক সফর অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরও জানান, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে বাংলাদেশি ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে পাকিস্তান। এর মধ্যে ইতোমধ্যে ৭৪ জন শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য পাকিস্তানে গেছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বাড়ানোর উদ্যোগও চলমান রয়েছে।

বৈঠকে সংসদীয় পর্যায়ে সম্পর্ক জোরদারে একটি পার্লামেন্টারি গ্রুপ গঠনের প্রস্তাব দেন পাকিস্তানের হাইকমিশনার। এ সময় যুক্তরাষ্ট্র-ইরান শান্তি উদ্যোগে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করে ডা. শফিকুর রহমান হাইকমিশনারের মাধ্যমে পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান।

বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান ও উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।