হত্যাচেষ্টা মামলায় মমতাজকে ফের গ্রেপ্তার দেখানোর আদেশ

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ: 

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে মো. মুক্তার হোসেনকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ও লোকসংগীতশিল্পী মমতাজ বেগমকে ফের গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পর এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজুল হক মমতাজ বেগমকে আদালতে হাজির করে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আবেদনটি সমর্থন করেন। তবে মমতাজের আইনজীবীরা এর বিরোধিতা করেন।

পুলিশের আবেদনে বলা হয়, মামলার ঘটনার সঙ্গে মমতাজের সম্পৃক্ততার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। একই সঙ্গে পরবর্তী সময়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হতে পারে বলেও জানানো হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় মিরপুরের সুইমিংপুল ও ফায়ার সার্ভিস সড়ক এলাকায় আন্দোলনে অংশ নেন মুক্তার হোসেন। অভিযোগ করা হয়েছে, ওই সময় আন্দোলন দমনে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা ও গুলিবর্ষণ করেন। এতে পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হন তিনি। পরে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নেন মুক্তার।

এ ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় মমতাজকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে ২০২৫ সালের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি থেকে মমতাজকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

মমতাজ বেগম আওয়ামী লীগের মনোনয়নে ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন। পরে মানিকগঞ্জ-২ আসন থেকে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি পরাজিত হন।