প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের স্বার্থে কর কমানোর পরও বিরোধী দল বাজেটের বিরোধিতা করছে। তাঁর ভাষায়, যেসব পদক্ষেপ সাধারণ মানুষের উপকারে আসে, সেগুলোরও বিরোধিতা করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে। তিনি অভিযোগ করেন, বিরোধী দলের মূল লক্ষ্য জনগণের পাশে দাঁড়ানো নয়, বরং দেশে অস্থিতিশীলতা ও বিভ্রান্তি সৃষ্টি করা। শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজারের পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যতদিন প্রাণ থাকবে ততদিন দেশ ও জনগণের জন্য কাজ করে যাবেন। তিনি দাবি করেন, চলতি বাজেটের পরেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি। বরং চাল, ডাল, তেল, নুনসহ প্রয়োজনীয় বেশ কিছু পণ্যের ওপর থেকে কর প্রত্যাহার করা হয়েছে, যাতে সাধারণ মানুষ স্বস্তি পায়।
বিরোধী দলের সমালোচনা করে তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই সরকারের সবচেয়ে বড় শক্তি এবং দেশের মানুষের কল্যাণে কাজ করাই সরকারের প্রধান লক্ষ্য। দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এই দেশই আমাদের প্রথম ও শেষ ঠিকানা। দেশ উন্নত হলে জনগণ এবং ভবিষ্যৎ প্রজন্মও উন্নত জীবন পাবে।” তিনি আরও বলেন, বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দু হলো জনগণ এবং দলটি দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চায়।
সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান এবং স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মাবুদ।
