সীমিত হচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ

বুধবার, জুন ২৪, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি অবস্থানের সুযোগ সীমিত করে নতুন ভিসা নীতিমালার চূড়ান্ত অনুমোদন দিয়েছে হোয়াইট হাউস। নতুন নিয়মে শিক্ষার্থীদের জন্য আগের মতো শিক্ষাক্রম চলা পর্যন্ত থাকার সুযোগ না রেখে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হবে।

হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট নতুন এই বিধিমালার পর্যালোচনা শেষ করেছে। এখন এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ ও বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। নিয়ম কার্যকর হলে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিজিটরদের ক্ষেত্রে নির্ধারিত মেয়াদের ব্যবস্থা চালু করতে পারবে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে এফ-১ ভিসাধারী শিক্ষার্থীরা তাদের একাডেমিক প্রোগ্রাম চালিয়ে যাওয়া এবং ভিসার শর্ত মেনে চলার শর্তে ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ অনুযায়ী অবস্থান করতে পারেন। অর্থাৎ পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত আলাদা কোনো নির্দিষ্ট মেয়াদ থাকে না। তবে নতুন নিয়ম চালু হলে শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় নির্দিষ্ট সময়ের জন্য থাকার অনুমতি পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে পড়াশোনা শেষ করতে না পারলে তাদের অভিবাসন কর্তৃপক্ষের কাছে মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে।

প্রস্তাবিত নীতিমালায় এফ-১ শিক্ষার্থী, জে-১ এক্সচেঞ্জ ভিজিটর, আই-ভিসাধারী সাংবাদিক এবং তাদের নির্ভরশীল পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, শিক্ষার্থীদের থাকার সর্বোচ্চ সময় চার বছর নির্ধারণ করা হতে পারে।

নতুন এই নীতির ফলে বাংলাদেশ, ভারতসহ এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও পড়াশোনা শেষে কর্মজীবনের পরিকল্পনায় অনিশ্চয়তা তৈরি হতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিদ্যমান কিছু নমনীয় সুযোগ-সুবিধাও কমিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।