নেইমার বিশ্বের প্রথম হোম অফিস করা খেলোয়াড়

ব্রাজিল প্রেসিডেন্টের রসিকতা

বুধবার, জুন ২৪, ২০২৬

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়রের চলমান চোট ও ফিটনেস সমস্যা নিয়ে রসিকতা করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি নেইমারকে বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় হিসেবে মন্তব্য করেছেন।

শুক্রবার (১৯ জুন) বেলো হরিজন্তেতে সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় ক্যানসার চিকিৎসায় বিনিয়োগসংক্রান্ত এক অনুষ্ঠানে অংশ নেন প্রেসিডেন্ট লুলা। সেখানে এক শিশুর সঙ্গে কথোপকথনের সময় তিনি জানতে চান, বর্তমানে ব্রাজিল দলের সেরা খেলোয়াড় কে। শিশুটি নেইমারের নাম বললে লুলা মজা করে বলেন, “নেইমার তো খেলছেই না! সে হলো বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড়, যাকে দলে ডাকা হয়েছে।”

লুলা আরও বলেন, একসময় এমন দিন আসতে পারে, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে জাতীয় দল তৈরি করতে হবে—এগারোজন পেলের দল। নেইমারকে নিয়ে লুলার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। মূলত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বোলসেনারোর সমর্থক হিসেবে পরিচিত নেইমারকে নিয়েই এমন মন্তব্য করেন লুলা।

সম্প্রতি সান্তোসের হয়ে খেলার সময় কাফের চোটে পড়েন নেইমার। এরপর থেকে পুনর্বাসনে থাকা এই ফরোয়ার্ড বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নামতে পারেননি।