জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হলো এমপির ছেলেকে

চাঁদাবাজির অভিযোগ

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলামের ছেলে খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার (২২ জুন) গভীর রাতে তাকে ছেড়ে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে রোববার দুপুরে রাজধানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় সজীবকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে তাকে ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী জানান, সজীবের বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল। সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

অভিযোগ রয়েছে, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁও ও কাঁচপুর এলাকার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি, পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় এবং ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের সঙ্গে সজীবের লোকজন জড়িত ছিল। তবে এসব অভিযোগ তদন্তাধীন রয়েছে।

সজীব জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। তাকে হেফাজতে নেওয়ার পর যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে স্থানীয় পুলিশ ও শিল্পকারখানা সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, শিল্পাঞ্চল এলাকায় চাঁদাবাজির অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।