বিশ্বকাপে নতুন ইতিহাসের সামনে মেসি

প্রশংসায় সতীর্থ-প্রতিদ্বন্দ্বীরা

বুধবার, জুন ২৪, ২০২৬

ক্রীড়া ডেস্ক:

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপ অভিযান শুরু করছে আর্জেন্টিনা। এই ম্যাচেই ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে নতুন ইতিহাস গড়বেন লিওনেল মেসি। তাই টুর্নামেন্ট শুরুর আগেই তাকে ঘিরে আলোচনা তুঙ্গে।

মেসির দীর্ঘদিনের বন্ধু ও সাবেক সতীর্থ সার্জিও আগুয়েরো বলেন, ট্রফি জয়ের পরও মেসির ক্ষুধা কমেনি। তার ভাষায়, “লিও কখনও সন্তুষ্ট থাকে না। যতদিন খেলবে, ততদিন জয়ের জন্য নিজের সবটুকু উজাড় করে দেবে।”

কলম্বিয়ার কিংবদন্তি স্ট্রাইকার রাদামেল ফালকাও মনে করেন, বয়স বাড়লেও মেসির সবচেয়ে বড় শক্তি তার অসাধারণ ফুটবল বুদ্ধিমত্তা। তিনি বলেন, আধুনিক ফুটবলের গতি ও শারীরিক চ্যালেঞ্জের মাঝেও মেসি নিজের মেধা ও দক্ষতায় পার্থক্য গড়ে দিচ্ছেন।

আরেক সাবেক আর্জেন্টাইন তারকা এজেকিয়েল লাভেজ্জি বলেন, মেসির সঙ্গে অন্য কারও তুলনা চলে না। তার মতে, মেসি চাইলে মাঝমাঠে খেলে খেলার নিয়ন্ত্রণ নিতে পারেন, আবার প্রয়োজন হলে যেকোনো মুহূর্তে গোল করেও ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন।

৩৯ বছরে পা দিতে যাওয়া মেসিকে ঘিরে তাই প্রত্যাশার শেষ নেই। বিশ্বকাপের মঞ্চে আবারও আর্জেন্টিনার স্বপ্নের কেন্দ্রবিন্দু তিনি।