বর্ষার পর শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, চলতি বছরের বর্ষা মৌসুম শেষে সেপ্টেম্বর বা অক্টোবর থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, নির্বাচনের সময়সূচি ও বাস্তবায়ন বাজেটের প্রাপ্যতার ওপর নির্ভর করবে। সম্ভাব্যভাবে প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এরপর ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজন করা হবে।

তিনি আরও জানান, নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় অর্থ চলতি জাতীয় বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনী ব্যয়ের বিস্তারিত হিসাব নির্ধারণের জন্য ইতোমধ্যে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানো হয়েছে। নতুন অর্থবছর শুরু হওয়ার পর স্থানীয় সরকার বিভাগ, নির্বাচন কমিশন এবং অর্থ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করে নির্বাচনের চূড়ান্ত তফসিল ঘোষণার প্রস্তুতি নেবে। সরকারের লক্ষ্য নির্ধারিত সময়ের মধ্যে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন সম্পন্ন করা।