ক্রীড়া ডেস্ক:
৩৯ বছরে পা রাখতে চলেছেন লিওনেল মেসি। ফুটবল ক্যারিয়ারে অর্জনের প্রায় সব শিখরই স্পর্শ করেছেন আর্জেন্টিনার এই মহাতারকা। আটটি ব্যালন ডি’অর, অসংখ্য ক্লাব শিরোপা এবং ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ারকে পূর্ণতা দিয়েছেন তিনি। তবুও মাঠে তার প্রভাব কমেনি একটুও।
বয়সের কারণে আগের মতো গতিময় না থাকলেও মেসি এখন ফুটবল খেলেন অভিজ্ঞতা, দূরদর্শিতা ও অসাধারণ ফুটবল বুদ্ধিমত্তা দিয়ে। মাঠে তাকে আগের মতো দৌড়াতে দেখা যায় না। বরং অনেকটা হেঁটে হেঁটেই খেলার গতি ও ছন্দ নিয়ন্ত্রণ করেন তিনি। বল পায়ে পেলেই মুহূর্তের মধ্যে খুঁজে নেন সেরা পাস কিংবা আক্রমণ গড়ার পথ।
ফুটবল বিশ্লেষকদের মতে, বর্তমান সময়ে মেসি অনেকটা ‘কোয়ার্টারব্যাক’-এর ভূমিকায় খেলেন। প্রতিপক্ষের অবস্থান, সতীর্থদের গতিবিধি এবং আক্রমণের সম্ভাব্য পথ তিনি আগেভাগেই বুঝে ফেলেন। ফলে কম দৌড়িয়েও ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তার পা থেকেই আসে।
আগামী বিশ্বকাপেও আর্জেন্টিনা দলের আক্রমণভাগের নেতৃত্বে থাকার কথা রয়েছে মেসির। তাকে সহযোগিতা করবেন হুলিয়ান আলভারেজ, থিয়াগো আলমাদা, লাওতারো মার্তিনেজ এবং তরুণ প্রতিভা নিকো পাস। ২০২২ সালের বিশ্বকাপজয়ী দলের বেশিরভাগ সদস্য এবারও দলে থাকায় শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছে আর্জেন্টিনা।
বয়স বাড়লেও মেসির জাদু ফুরায়নি; বরং অভিজ্ঞতা ও প্রজ্ঞায় তিনি হয়ে উঠেছেন আরও পরিণত এবং কার্যকর।
