এমপিদের জন্য পরিদর্শন কক্ষ নির্মাণে ৬ লাখ টাকা বরাদ্দ

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

দেশের প্রতিটি উপজেলায় সংসদ সদস্যদের (এমপি) দাফতরিক কার্যক্রম পরিচালনার সুবিধার্থে উপজেলা পরিষদের অভ্যন্তরে পরিদর্শন কক্ষ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রতিটি উপজেলা পরিষদের জন্য ৬ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৬ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের অষ্টম দিনে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের সব উপজেলায় সংসদ সদস্যসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবহারের জন্য উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি করে পরিদর্শন কক্ষ নির্মাণ করা হবে। এ উদ্দেশ্যে স্থানীয় সরকার বিভাগ ইতোমধ্যে প্রতিটি উপজেলা পরিষদের অনুকূলে ৬ লাখ টাকা করে বরাদ্দ দিয়েছে।

এর আগে গত ৩১ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নির্বাচনি এলাকায় সংসদ সদস্যদের জন্য বসার স্থান নিশ্চিত করার দাবি তোলা হয়েছিল। পরে ২১ এপ্রিল স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে জানান, উপজেলা পরিষদে এমপিদের জন্য বসার ব্যবস্থা করা হবে।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে নির্বাচনি এলাকায় জনগণের সঙ্গে সংসদ সদস্যদের যোগাযোগ ও দাফতরিক কার্যক্রম আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।