নিজ সংবাদ:
ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের পর্দা উঠতেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে ফুটবল উন্মাদনা। সেই আবহ থেকে বাদ থাকছেন না কারাবন্দিরাও। বন্দিদের মানসিক সুস্থতা ও বিনোদনের কথা বিবেচনা করে গাজীপুরের কাশিমপুর কারাগারে বিশ্বকাপের ম্যাচ দেখার বিশেষ ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ।
শুক্রবার (১২ জুন) কারা প্রশাসন সূত্রে জানা যায়, কারাগারের বিভিন্ন ওয়ার্ডে স্থাপিত টেলিভিশনের মাধ্যমে বন্দিরা বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো উপভোগ করতে পারবেন। বিশেষ করে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচারিত ম্যাচগুলো দেখার সুযোগ থাকবে তাদের জন্য। যেখানে টেলিভিশনের ব্যবস্থা সীমিত, সেখানে প্রজেক্টরের মাধ্যমে খেলা প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার মো. জাকির হোসেন বলেন, কারাবন্দিদের খেলা দেখানোর বিষয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেলিভিশনের কিছু সংকট থাকলেও প্রয়োজন অনুযায়ী প্রজেক্টরের মাধ্যমে ম্যাচ দেখানোর ব্যবস্থা করা হবে।
কারা কর্মকর্তারা জানান, বন্দিদের মানসিক প্রশান্তি ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম পরিচালনা করা হয়। বিশ্বকাপ খেলা প্রদর্শনের উদ্যোগও সেই ধারাবাহিকতার অংশ। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রেখেই নির্ধারিত সময়সূচি অনুযায়ী খেলা দেখানো হবে। কাশিমপুর কারাগার-২ এর জেলার মো. আবুল হোসেন জানান, তাদের কারাগারে প্রায় সাড়ে তিন হাজার বন্দি রয়েছে। এর মধ্যে যারা খেলা দেখতে আগ্রহী, তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, কারাগারের প্রায় ৯৫ শতাংশ সেলেই বিটিভি সংযোগ রয়েছে।
এদিকে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া জানিয়েছেন, জেলা কারাগার ও কাশিমপুর কারাগারে খেলা দেখার বিষয়টি তদারকি করা হচ্ছে এবং প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
