সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের দুঃখ প্রকাশ

কঠোর ব্যবস্থার আশ্বাস

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

রাজধানীর ধানমন্ডিতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দলটি।

মঙ্গলবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এসব কথা জানান। বিবৃতিতে বলা হয়, ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় দলের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়, দলটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে তারা জানায়, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর কোনো ধরনের সহিংসতা বা হামলা সমর্থনযোগ্য নয়।

বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, শান্তিপূর্ণ কর্মসূচি শেষ হওয়ার পর কিছু অতিউৎসাহী ব্যক্তি বা বহিরাগতদের উসকানিতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে অভ্যন্তরীণ পর্যালোচনা চলছে। কোনো দলীয় কর্মীর সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিবৃতিতে আহত দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরের দ্রুত সুস্থতা কামনা করা হয়। একই সঙ্গে রাজনৈতিক দল ও গণমাধ্যমের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আশ্বাস দিয়েছে জামায়াত।