হরমুজ প্রণালিতে ৬০ দিন ট্রানজিট ফি মওকুফ করলো ইরান

বুধবার, জুন ২৪, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের জন্য আগামী ৬০ দিনের ট্রানজিট ফি মওকুফের ঘোষণা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়নের অংশ হিসেবে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এ সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) প্রকাশিত এক বিবৃতিতে পরিষদ জানায়, আগামী দুই মাস হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে কোনো ধরনের ফি নেওয়া হবে না। এ সময়ের সব ব্যয় বহন করবে ইরান সরকার। দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নৌপরিবহনে যে অস্থিরতা সৃষ্টি হয়েছিল, এই সিদ্ধান্তকে পরিস্থিতি স্বাভাবিক করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালি ব্যবহার করতে আগ্রহী সব বাণিজ্যিক জাহাজকে আগে পারস্য উপসাগর জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত আবেদন নিষ্পত্তি করবে এবং সমঝোতা স্মারকের আওতায় সেগুলোকে অগ্রাধিকার দেবে।

কর্তৃপক্ষ জাহাজগুলোর জন্য নির্দিষ্ট রুট, সময়সূচি এবং চলাচলের অনুমতিপত্র প্রদান করবে। ইরান জানিয়েছে, অনুমোদিত জাহাজগুলোকে নির্ধারিত পথ ও সময়সূচি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

ইরানি কর্মকর্তাদের মতে, সামুদ্রিক করিডোরে এখনও কিছু নিরাপত্তা ঝুঁকি বিদ্যমান রয়েছে। তাই নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করা, দুর্ঘটনা প্রতিরোধ করা এবং ধীরে ধীরে স্বাভাবিক পরিবহন ব্যবস্থা ফিরিয়ে আনতেই এ নিয়ন্ত্রিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে নির্ধারিত নিয়ম মেনে চলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে তেহরান।