যুক্তরাষ্ট্র নয়, মেক্সিকোতে ঘাঁটি গড়ল ইরান ফুটবল দল

ভিসা জটিলতা

বুধবার, জুন ২৪, ২০২৬

ক্রীড়া ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিজুয়ানায় পৌঁছেছে ইরান জাতীয় ফুটবল দল। স্থানীয় সময় ভোর ৫টার কিছু পর দলটি সেখানে পৌঁছায়। শহরটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো সীমান্তের কাছাকাছি অবস্থিত।

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ইরানের মূল পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে বেস ক্যাম্প স্থাপন করা। তবে ভিসা জটিলতার আশঙ্কায় শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে তারা মেক্সিকোতে ক্যাম্প করার সিদ্ধান্ত নেয়।

পরবর্তীতে যুক্তরাষ্ট্র ইরান দলের সব খেলোয়াড়কে ভিসা দিলেও দলের কয়েকজন গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকর্তা ও ম্যানেজমেন্ট সদস্য ভিসা পাননি। ফলে অ্যারিজোনার পরিকল্পনা বাতিল করে তিজুয়ানাকেই অস্থায়ী ঘাঁটি হিসেবে বেছে নিয়েছে দলটি।

‘জি’ গ্রুপে থাকা ইরান তাদের প্রথম দুই ম্যাচ খেলবে লস অ্যাঞ্জেলেসে। ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। এরপর ২১ জুন বেলজিয়ামের মুখোমুখি হবে ইরান। গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে মাঠে নামবে দলটি।