নিজ সংবাদ:
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পুডু মার্কেটের কাছে একটি ভবনে অভিযান চালিয়ে ১৮৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার (১৯ জুন) মধ্যরাতের পর পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন বাংলাদেশি নাগরিক।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম হারিয়ান মেট্রোর প্রতিবেদনে জানানো হয়, আটক ১৮৬ জনের মধ্যে ১১৮ জন বাংলাদেশি পুরুষ রয়েছেন। এছাড়া ২৮ জন ইন্দোনেশীয় নাগরিককে আটক করা হয়েছে। তাদের মধ্যে সাতজন পুরুষ ও ২১ জন নারী।
কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ জানায়, অভিযানের সময় মোট ৩২০ জন বিদেশি নাগরিককে তল্লাশি করা হয়। এর মধ্যে ১৮৬ জনকে ১৯৫৯/১৯৬৩ সালের ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করা, বৈধ ভ্রমণ নথি না থাকা এবং প্রয়োজনীয় অনুমতিপত্র ছাড়া অবস্থানের অভিযোগ রয়েছে।
এছাড়া আটক ব্যক্তিদের মধ্যে ২৬ জন মিয়ানমারের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ১৩ জন পুরুষ ও ১৩ জন নারী। অভিযানে পাঁচজন ভিয়েতনামি, চারজন নেপালি, দুইজন ভারতীয়, দুইজন চীনা এবং একজন পাকিস্তানি নাগরিককেও আটক করা হয়েছে।
রাত ১২টা ৫ মিনিটে শুরু হওয়া এই অভিযানে ইমিগ্রেশন বিভাগ, পুলিশ, কুয়ালালামপুর সিটি হল এবং জাতীয় নিবন্ধন বিভাগের মোট ১৩৭ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন। অভিযানে আটক সবাইকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
