নিজ সংবাদ:
প্রবীণ আইনজীবী আমিনুল গণি টিটুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক দিনের জন্য বিচারিক কার্যক্রম স্থগিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনালে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
তিনি বলেন, আমিনুল গণি টিটু ঢাকা আইনজীবী সমিতির একজন সুপরিচিত ও দক্ষ ট্রায়াল আইনজীবী ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একাধিক গুরুত্বপূর্ণ মামলায় তিনি আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আইন অঙ্গনে তার অবদান ছিল উল্লেখযোগ্য।
চিফ প্রসিকিউটর জানান, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যুর সংবাদে ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউশন ও আইনজীবী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার জানাজায় অংশ নিয়ে সহকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেছেন।
তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দুই ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও সদস্যদের কাছে বিচারিক কার্যক্রম মূলতবি রাখার আবেদন করা হলে কর্তৃপক্ষ তা মঞ্জুর করে। ফলে সোমবার কোনো বিচারিক কার্যক্রম পরিচালিত হয়নি। তবে আগামীকাল থেকে যথারীতি ট্রাইব্যুনালের কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে।
আমিনুল ইসলাম বলেন, আমিনুল গণি টিটু বিচারপ্রার্থী মানুষের কাছে আস্থার প্রতীক ছিলেন। দেশে দক্ষ ট্রায়াল আইনজীবীর যে সংকট রয়েছে, তার মধ্যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। তার আকস্মিক মৃত্যু আইন অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
